মার্চ ১২, ২০২৬, ০২:১০ পিএম
হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি পতাকাবাহী মালবাহী জাহাজে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে থাইল্যান্ড। বুধবারের এই নাশকতার প্রেক্ষিতে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। থাই নিউজ এজেন্সি জানিয়েছে, `মায়ুরি নারি` নামক ওই জাহাজে হামলার প্রকৃত কারণ এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে ইরানের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে থাই পতাকাবাহী জাহাজে এই আক্রমণ দেশটির বৈশ্বিক নৌ-নিরাপত্তার ওপর বড় আঘাত বলে মনে করছে ব্যাংকক।
জাহাজের অপারেটর সূত্রে জানা গেছে, হামলার সময় জাহাজটিতে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ওমানি নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ২০ জন নাবিককে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হলেও এখনো তিনজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে যে, নিখোঁজ সদস্যরা জাহাজের ইঞ্জিন রুমে আটকা পড়ে থাকতে পারেন। বুধবার ভারতের গুজরাট অভিমুখে যাত্রা করার সময় হরমুজ প্রণালিতে পৌঁছালে অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এবং ইন্ডিয়া টুডে এই হামলার খবরটি নিশ্চিত করেছে।মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে থাই জাহাজে এই হামলার ঘটনা নতুন করে কূটনৈতিক উত্তাপের সৃষ্টি করেছে।
থাইল্যান্ডের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতকে তলব করাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। উল্লেখ্য যে, প্রায় একই সময়ে ইরাকের এরবিলে অবস্থিত ইতালির একটি সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ব্যাংকক আশা করছে, তেহরান এই হামলার বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে এবং নিখোঁজ নাবিকদের উদ্ধারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। বর্তমানে ক্ষতিগ্রস্ত জাহাজটি ওমানি উপকূলের কাছাকাছি বিশেষ পর্যবেক্ষণে রয়েছে এবং উদ্ধার কাজ অব্যাহত আছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন