রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ০৩:৩১ পিএম

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন সতর্কবার্তা

হরমুজ প্রণালিতে পাহারা

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে নতুন করে দাবি করেছে ইরান। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করতে না দেওয়ার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের সামরিক অভিযান তদারককারী প্রতিষ্ঠান খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর অবস্থান জানানো হয়। 

বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে হরমুজ প্রণালি বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।ইরানি সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বিভিন্ন হামলার সঙ্গে জড়িত কোনো দেশের জাহাজের এই প্রণালি ব্যবহারের কোনো আইনগত অধিকার নেই। 

এর আগে তেহরান ঘোষণা করেছিল যে ওয়াশিংটন ও ইসরায়েলের সামরিক তৎপরতার সঙ্গে সম্পৃক্ত দেশগুলোর জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে এই সামুদ্রিক পথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের মোট জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়। 

ফলে ইরানের এই নতুন পদক্ষেপ বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করতে পারে।এদিকে হরমুজ প্রণালির উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরের কাছে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী বন্দর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ওই জাহাজটিতে আঘাতের পর ছোট আকারে আগুনের সূত্রপাত হয়। 

জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন যে হঠাৎ করে কোনো বস্তু আঘাত করায় এই পরিস্থিতি তৈরি হয়। তবে ঘটনার পর জাহাজের সব নাবিক নিরাপদ আছেন এবং সমুদ্রে কোনো ধরনের পরিবেশগত ক্ষতির আশঙ্কা নেই বলে নিশ্চিত করা হয়েছে। পুরো বিষয়টি বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।