মার্চ ১৪, ২০২৬, ০৯:৪৫ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে নানা জল্পনা ও বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই দাবি করছেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি কোনো আসল দৃশ্য নয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর দাবি জানানোর পর এই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে যে গত শুক্রবার নেতানিয়াহু তাঁর এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা পোস্ট করেন।
সেখানে তিনি ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সামরিক রণকৌশল নিয়ে বক্তব্য দেন। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন কিছু ব্যবহারকারী তাঁর হাতের আঙুল গণনায় অসঙ্গতি লক্ষ্য করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোতে দেখা যায় নেতানিয়াহুর হাতে সাধারণ পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল দৃশ্যমান হচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা একে এআই জেনারেটেড ভিডিওর একটি সাধারণ যান্ত্রিক ত্রুটি হিসেবে অভিহিত করেছেন।এই ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা এবং তাঁর জীবিত থাকা নিয়েও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্সসহ অনেকেই তাঁর বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এক্স প্ল্যাটফর্মের নিজস্ব এআই চ্যাটবট গ্রোক এই দাবিগুলো খণ্ডন করেছে।
গ্রোকের পক্ষ থেকে জানানো হয়েছে যে নেতানিয়াহুর দুই হাতেই স্বাভাবিকভাবে পাঁচটি করে আঙুল রয়েছে। ভিডিওর নির্দিষ্ট একটি কোণ এবং ভিডিও ফ্রেমের ওপরের কিছু গ্রাফিক্যাল চিহ্নের কারণে এমন চোখের ভ্রম তৈরি হয়েছে যার ফলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সেখানে বাড়তি একটি আঙুল রয়েছে।
ইরানি গণমাধ্যম ও বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসে নেতানিয়াহুর মৃত্যুর যে খবর ছড়িয়েছে সেটিকে ইতোমধ্যে ভুয়া এবং ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক সংস্থাগুলো। তারা জানিয়েছে যে যুদ্ধের কৌশল হিসেবে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে নেতানিয়াহুর মতো প্রভাবশালী একজন বিশ্বনেতাকে নিয়ে এ ধরনের প্রযুক্তিগত বিভ্রান্তি এবং মৃত্যুর গুঞ্জন আন্তর্জাতিক কূটনীতি ও গোয়েন্দা মহলে ব্যাপক আলোচনার খোরাক জোগাচ্ছে। বর্তমান যুদ্ধাবস্থায় নেতানিয়াহুর শারীরিক ও রাজনৈতিক সক্রিয়তা নিয়ে বিশ্ববাসীর নজর এখন তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন