মার্চ ১৫, ২০২৬, ১০:৪২ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করে দিয়েছে তার কার্যালয়। শনিবার তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে এই বিষয়ে সরাসরি জানতে চাইলে তারা বিষয়টিকে ভুয়া খবর হিসেবে অভিহিত করেন।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রী বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন এবং তার মৃত্যুর খবরটি একটি অপপ্রচার মাত্র। কয়েক দিন ধরেই ইন্টারনেটে দাবি করা হচ্ছিল যে নেতানিয়াহু এক হামলায় নিহত হয়েছেন যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতুহল ও বিভ্রান্তি তৈরি হয়।
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের স্পর্শকাতর গুজব ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছিল।
ওই হামলায় এক হাজার দুইশর বেশি মানুষ প্রাণ হারান যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর থেকে পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং পাল্টাপাল্টি হামলার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ইরানের শীর্ষ নেতার মৃত্যুর প্রতিক্রিয়ায় তেহরান ইতোমধ্যে তাদের সামরিক শক্তি ব্যবহার শুরু করেছে।ইরান এই হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েল, জর্ডান ও ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশে কয়েক দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তেহরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন যে তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল ওই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। আঞ্চলিক এই সংকটের কারণে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ও ভুল তথ্য ছড়ানোর ঘটনা ঘটছে। নেতানিয়াহুর মৃত্যুর খবরটিও তেমনই একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা বলে দাবি করছে ইসরায়েলি প্রশাসন। বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি সংঘাত পুরো বিশ্বের জ্বালানি ও নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন