মার্চ ১৫, ২০২৬, ১০:৪৬ পিএম
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি এবং অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন।
ড. নাসের জানান আগামী ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো বৈঠকে বসবে। তবে ওই দিনটি রমজানের ২৯তম দিন হলেও সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদের উপস্থিতি থাকবে না।
কারণ জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী শাওয়ালের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে। ফলে ১৮ মার্চ চাঁদ দেখা যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই।
তিনি আরও ব্যাখ্যা করেন যে ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে। ওই সময় চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় অবস্থান করবে এবং অন্তত ৩০ মিনিট দেখা যাবে। জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য এই পরিস্থিতি অত্যন্ত অনুকূল হওয়ায় ২০ মার্চ শুক্রবার ঈদ হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত। উল্লেখ্য যে এবার বাহরাইনে রোজার সময়কাল গড়ে ১১ ঘণ্টা ২৪ মিনিট।
বাহরাইনের পাশাপাশি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলও আগামী ২০ মার্চ ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে। সংস্থাটির ফতোয়া কাউন্সিল বিভিন্ন বৈজ্ঞানিক পর্যবেক্ষণ পর্যালোচনা করে জানিয়েছে যে ১৯ মার্চ বৃহস্পতিবার হবে রমজানের শেষ দিন। সেই অনুযায়ী শুক্রবার অস্ট্রেলিয়ায় ঈদ পালিত হবে। এদিকে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী বাংলাদেশে আগামী ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন