মার্চ ১৭, ২০২৬, ০৯:৫১ এএম
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি মুসলিম বিশ্বের দেশগুলোর উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। লারিজানি সরাসরি জানতে চেয়েছেন, বর্তমান দ্বন্দ্বে মুসলিম দেশগুলো আসলে কোন পক্ষের সাথে অবস্থান করছে।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, চলমান এই কঠিন সময়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে ইরান যেমন সমর্থন আশা করেছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
লারিজানি তার বক্তব্যে উল্লেখ করেন, কিছু মুসলিম দেশ এক ধাপ এগিয়ে ইরানকে তাদের সরাসরি প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছে। এর মূল কারণ হিসেবে তিনি ওইসব দেশের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থের ওপর ইরানের সাম্প্রতিক হামলার বিষয়টি সামনে আনেন।
তিনি স্পষ্টভাবে বলেন, ইরান কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারিগরি সীমাবদ্ধতার কারণে অনিচ্ছাকৃতভাবে কিছু বেসামরিক লক্ষ্যবস্তুতেও এর প্রভাব পড়েছে বলে তিনি স্বীকার করেন।মুসলিম উম্মাহকে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে লারিজানি বলেন, ইরান কোনো নির্দিষ্ট অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করতে চায় না।
তিনি মুসলিম দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেন যে, আমেরিকার কোনো দীর্ঘস্থায়ী আনুগত্য নেই এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলই মুসলিম বিশ্বের প্রকৃত ও প্রধান শত্রু। বর্তমান ভূরাজনৈতিক সংকটে বিভেদ ভুলে অভিন্ন শত্রুর বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সোচ্চার হওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। লারিজানির এই বক্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন