রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

লারিজানি ও সোলাইমানি হত্যার বদলা: ইসরায়েলে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ১২:০৩ পিএম

লারিজানি ও সোলাইমানি হত্যার বদলা: ইসরায়েলে নিহত ২

ইসরায়েলে ইরানের হামলা

ইরানের চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে এক দম্পতি বলে আল জাজিরার একটি বিশ্বস্ত সূত্রে জানানো হয়েছে। জর্ডানের আম্মান থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী তেহরান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে জাতীয় নিরাপত্তা পর্ষদ প্রধান আলী লারিজানি এবং কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। 

বুধবার এই হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন জনপদে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার ভয়াবহতা সম্পর্কে জানা গেছে যে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং এর নিকটবর্তী শহর বনি ব্রাক ও রামাত গানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে তাদের বসার ঘরের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। বাসিন্দাদের জন্য নিরাপদ কক্ষের ব্যবস্থা থাকলেও হামলা এতটাই আকস্মিক ছিল যে সেখানে যাওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। 

এছাড়া শ্যারন এলাকা ও বনি ব্রাকে বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তেল আবিবের একটি কেন্দ্রীয় রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনটির অবকাঠামো পুনর্নির্মাণ এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রেল চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।এদিকে ইসরায়েলের ওপর সামরিক চাপ বাড়াতে উত্তর দিক থেকে প্রতিদিন প্রায় শতাধিক রকেট ছুড়ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

অনেক ক্ষেত্রেই ইরান ও হিজবুল্লাহর এই হামলাগুলো সমন্বিতভাবে চালানো হচ্ছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। লারিজানি ও সোলাইমানির মতো শীর্ষ নেতাদের হত্যার পর ইরান যে আর কোনো আপস করবে না তা এই হামলার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা কারণ এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।