মার্চ ২০, ২০২৬, ০৯:৫৪ এএম
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এবং বেশ কিছু নৌসেনাকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। তবে এই হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ইরানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী এই হামলার পেছনে সুনির্দিষ্ট দুটি কারণ রয়েছে। প্রথমত গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ভারত থেকে মহড়া শেষে দেশে ফেরার পথে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।
ওই হামলায় ইরানের নৌবাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হন। দ্বিতীয়ত চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। ইরান এই দুই ঘটনার কঠোর প্রতিশোধ নিতেই ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে।বিবৃতিতে ইরান এই আক্রমণকে তাদের ‘বীরদের রক্তের বদলা’ হিসেবে অভিহিত করেছে। বিশেষ করে গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
ইরানের দাবি এই সফল হামলার মাধ্যমে তারা তাদের সামরিক সক্ষমতা এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পূরণ করেছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এই ড্রোন হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এই হামলা নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন