রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ১০:২৪ এএম

বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরায়েল

ইসরায়েলের ঈদ শুভেচ্ছা

বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার ২০ মার্চ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ইসরায়েলে এবং বিশ্বজুড়ে বসবাসরত সকল মুসলিমদের উদ্দেশ্যে মন্ত্রণালয় একটি বিশেষ কার্ড প্রকাশ করেছে। এই কার্ডে ইংরেজি এবং আরবি উভয় ভাষায় ‍‍`ঈদ মোবারক‍‍` লিখে মুসলিম উম্মাহর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। 

ফেসবুক পোস্টের ক্যাপশনে ইসরায়েলি কর্তৃপক্ষ লিখেছে যে তাদের ইসরায়েলি নাগরিক এবং বিশ্বের সকল মুসলিম বন্ধুদের জন্য এই শুভেচ্ছা বার্তাটি প্রদান করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই শুভেচ্ছা বার্তায় উৎসবের মাধ্যমে শান্তি এবং আনন্দের প্রত্যাশা করা হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে যে এই পবিত্র উৎসব যেন সবার জন্য শান্তি এবং আরও উজ্জ্বল দিনের যৌথ আশা নিয়ে আসে। প্রতি বছরই রমজান মাস এবং ঈদুল ফিতর উপলক্ষে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এমন শুভেচ্ছা বার্তা পাঠানো একটি নিয়মিত রীতি। 

সাধারণত দেশটির কূটনৈতিক তৎপরতা এবং বৈশ্বিক যোগাযোগের অংশ হিসেবে এই ধরণের বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।তবে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের এই শুভেচ্ছা বার্তাটি আন্তর্জাতিক মহলে বেশ দৃষ্টি আকর্ষণ করেছে।

 

বিশেষ করে যখন বিভিন্ন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক ও সামরিক দ্বন্দ্ব চরমে পৌঁছেছে তখন এই ধরণের মানবিক ও ধর্মীয় বার্তা ভিন্ন মাত্রা যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টের পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পূর্ববর্তী অবস্থান অনুযায়ী শান্তি ও সংহতির বার্তাটিই সামনে এনেছে। বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মানুষ যখন ঈদ উদযাপনে ব্যস্ত তখন এমন আন্তর্জাতিক শুভেচ্ছা বার্তাটি গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।