সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ৫ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১১:১৭ এএম

যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ৫ শর্ত

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইরান পাঁচটি কঠোর শর্তারোপ করেছে বলে হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এই যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলা পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই শর্তগুলো সামনে এসেছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।ইরানের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম হলো ভবিষ্যতে আর কোনো যুদ্ধ শুরু হবে না—এমন স্থায়ী নিশ্চয়তা প্রদান করা। 

পাশাপাশি তেহরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থার দাবি জানিয়েছে। এই ব্যবস্থা বাস্তবায়িত হলে ওই জলপথের ওপর কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। ইরান মনে করে, এই অঞ্চলে নিজেদের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য।

আরেকটি বড় দাবি হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার কথা বলেছে। তেহরানের মতে, এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য বিদেশি সামরিক উপস্থিতির অবসান প্রয়োজন। এছাড়া চলমান যুদ্ধের কারণে ইরানের যে ব্যাপক অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিপরীতে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি।

আলোচনার টেবিলে ইরান তাদের দেশের বিরুদ্ধে কাজ করা বিভিন্ন সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। তাদের অভিযোগ, নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যম পরিকল্পিতভাবে ইরানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের হস্তান্তর অথবা তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করার শর্ত দিয়েছে তেহরান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে গোপন ও প্রকাশ্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তার দাবি অনুযায়ী, ইরান এখন পূর্বের তুলনায় যুদ্ধবিরতির বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং পরিস্থিতির উন্নয়নে কাজ করতে আগ্রহী।