মার্চ ২৬, ২০২৬, ০৯:৫৩ এএম
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত বুধবার সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার বরাত দিয়ে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু এখনো দেশটিতে অবস্থান করছেন।
তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে বিশেষ করে যারা ভিজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা ফাইনাল এক্সিট ভিসা নিয়ে দেশটিতে গিয়েছিলেন এবং গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা এই নির্দেশনার আওতায় পড়বেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য বড় একটি সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ১৮ এপ্রিলের আগে যেকোনো দিন টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গেলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ দেশে ফিরতে পারবেন।
এই বিশেষ প্রক্রিয়ায় তাদের কোনো প্রকার জরিমানার মুখোমুখি হতে হবে না কিংবা নতুন করে ভিসার মেয়াদ বাড়ানোরও প্রয়োজন পড়বে না। সৌদি সরকার অবৈধ অবস্থানকারীদের জন্য সাময়িকভাবে এই সুবিধা প্রদান করেছে যাতে তারা কোনো আইনি জটিলতা ছাড়াই নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারেন। তবে ১৮ এপ্রিলের পর দেশটিতে অবস্থান করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয় যে নির্দিষ্ট ডেডলাইনের পর সৌদি আরবে অবস্থানের আর কোনো সুযোগ থাকবে না। তাই যারা বর্তমানে সেখানে অনিয়মিত হয়ে পড়েছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। বিশেষ করে যারা ওমরাহ বা ভ্রমণে গিয়ে মেয়াদ শেষ হওয়ার পরও রয়ে গেছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। প্রবাসীদের সুবিধার্থে এবং আইনি জটিলতা এড়াতে দূতাবাস নিয়মিতভাবে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে এবং এমন নির্দেশনা প্রচার করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন