মার্চ ২৬, ২০২৬, ০২:৪৪ পিএম
শিশুদের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা এবং প্ল্যাটফর্মে শিশু যৌন নিপীড়নের মতো ভয়াবহ অপরাধ রোধে ব্যর্থ হওয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে নজিরবিহীন জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। মঙ্গলবার নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করার ঐতিহাসিক রায় প্রদান করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি দীর্ঘ তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে মেটার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেখানে দেখা গেছে কীভাবে মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের যৌন পাচারের বাজারে পরিণত হয়েছে।
রায়ে জুরি বোর্ড উল্লেখ করেছে যে মেটা তাদের প্ল্যাটফর্মের নিরাপত্তা বিষয়ে জনগণের কাছে মিথ্যা তথ্য পরিবেশন করেছে। প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী এবং বাইরের বিশেষজ্ঞরা বারবার সতর্ক করা সত্ত্বেও মেটা শিশুদের সুরক্ষার চেয়ে মুনাফাকেই বেশি প্রাধান্য দিয়েছে বলে আদালতে প্রমাণিত হয়েছে।
শুনানি চলাকালীন ‘অপারেশন মেটাফাইল’ নামক একটি গোপন অভিযানের তথ্য তুলে ধরা হয় যেখানে দেখা গেছে অপরাধীরা সুকৌশলে মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের ফাঁদে ফেলছে। এছাড়া ফেসবুক মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালুর ফলে অপরাধীদের শনাক্ত করার গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও অভিযোগ আনা হয়।আদালতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ ও ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির একটি জবানবন্দি উপস্থাপন করা হয়।
সেখানে তারা দাবি করেন যে বিশাল সংখ্যক ব্যবহারকারী থাকায় শিশুদের নিরাপত্তা ঝুঁকি কিছুটা অনিবার্য। তবে জুরি বোর্ড তাদের এই যুক্তি গ্রহণ করেনি। অন্যদিকে মেটা এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানান তারা এই রায়ের সঙ্গে একমত নন এবং প্ল্যাটফর্মে শিশুদের নিরাপদ রাখতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। মামলার পরবর্তী ধাপ আগামী ৪ মে থেকে শুরু হবে যেখানে আদালত মেটার প্ল্যাটফর্মে শিশুদের জন্য আরও শক্তিশালী বয়স যাচাইকরণ ব্যবস্থা এবং অপরাধীদের দ্রুত অপসারণের মতো স্থায়ী পরিবর্তনের নির্দেশ দিতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন