সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৩:৪৯ পিএম

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা

চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি এবং সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তি করতে মরিয়া বলে দাবি করলেও তেহরান সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন তারা কেবল মার্কিন প্রস্তাবগুলো পর্যালোচনা করছেন তবে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে বসার পরিকল্পনা তাদের নেই। বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরাসরি আলোচনা না হলেও বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। 

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি স্পষ্ট করেছেন যে বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে অবস্থান জানানো বা বার্তা পাঠানোকে কোনোভাবেই প্রথাগত আলোচনা হিসেবে গণ্য করা যায় না। তেহরান তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ বজায় রেখে কেবল কৌশলগত কারণে এই যোগাযোগ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অন্যদিকে ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন দাবি করেছেন। তার মতে ইরানের বর্তমান নেতৃত্ব গোপনে আলোচনার চেষ্টা করছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। 

ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান তাদের সাধারণ জনগণ এবং যুক্তরাষ্ট্রের ভয়ে এই আলোচনার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে পারছে না। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন মোজতবা খামেনি। এরপর থেকেই ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাত নিরসনে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে যে পাকিস্তান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের শীর্ষ নেতাদের ওপর আর কোনো হামলা না চালাতে অনুরোধ করেছে। ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টিও এখন আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।