বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

যুদ্ধবিরতিকে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৯:৫৫ এএম

যুদ্ধবিরতিকে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একে নিজেদের বড় ‘বিজয়’ হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূরদর্শী নেতৃত্ব এবং মার্কিন সামরিক বাহিনীর অভাবনীয় সাফল্যের কারণেই এটি সম্ভব হয়েছে। 

বুধবার ৮ এপ্রিল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এই প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে।লেভিট তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ধারণা করেছিলেন এই সংঘাত চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

 বাস্তবে ৩৮ দিনের মাথায় যুক্তরাষ্ট্র তার ওয়াশিংটনের মূল সামরিক লক্ষ্যগুলো কেবল অর্জনই করেনি বরং প্রত্যাশার চেয়েও বেশি সফলতা পেয়েছে। সামরিক বাহিনীর এই সাফল্যই মূলত ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে এবং যুক্তরাষ্ট্রের জন্য সর্বোচ্চ দর কষাকষির সুযোগ তৈরি করে দিয়েছে। 

হোয়াইট হাউসের মতে এটি এখন একটি বড় কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ উন্মুক্ত করল।এই যুদ্ধবিরতির অন্যতম প্রধান অর্জন হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। লেভিট মনে করেন ট্রাম্পের কৌশলী অবস্থানের কারণেই গুরুত্বপূর্ণ এই নৌপথটি বিশ্ব বাণিজ্যের জন্য আবারও সচল হতে পেরেছে। তবে মজার বিষয় হলো ইরানও এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব ‘বিজয়’ হিসেবেই দেখছে। 

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে যে তাদের যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে বলেই তারা এই বিরতিতে রাজি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাজনৈতিক আলোচনার মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করার লক্ষ্য স্থির করেছে তেহরান। দুই বৈরী দেশের পাল্টাপাল্টি জয়ের দাবি এখন আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।