এপ্রিল ২৮, ২০২৬, ১০:৫৩ এএম
সোমবার কিরগিজস্তানে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসোভ এবং ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালায়ি-নিকের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া ও ইরানের পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
বৈঠকে আন্দ্রেই বেলৌসোভ জানান, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের সমাধান কেবল কূটনৈতিকভাবেই হওয়া প্রয়োজন। এটি রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান বলে তিনি উল্লেখ করেন। মস্কো ও তেহরান একে অপরকে সহায়তা করে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এর আগে রেজা তালায়ি-নিক রাশিয়ার মিত্র দেশ বেলারুশ সফর করেন। সেখানে তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিনের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটার প্রতিবেদনে বলা হয়, সংঘাত সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার বিষয়ে উভয় কর্মকর্তা একমত হয়েছেন। পাশাপাশি তেহরান ও মিনস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও বৈঠকে নিশ্চিত করা হয়।
অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে নিজেদের স্বাধীনতা রক্ষায় ইরানের জনগণের প্রচেষ্টার প্রশংসা করেন পুতিন। এ সময় তেহরানকে সহায়তার জন্য মস্কো সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন