মে ৮, ২০২৬, ০৪:৫৮ পিএম
নারীদের জন্য রাতের শহর কতটা নিরাপদ, তা সরাসরি দেখতে ছদ্মবেশে রাস্তায় নামেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরি অঞ্চলের পুলিশ কমিশনার সুমতী। তবে বাস্তবতা যাচাইয়ের এই অভিযানে মাত্র তিন ঘণ্টার মধ্যেই তিনি অন্তত ৪০টি কুপ্রস্তাবের মুখে পড়েন। এই ঘটনাটি নগর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
পুলিশ সূত্র জানায়, গতরাতে কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছাড়াই রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত শহরের একটি বাসস্টপে একা অবস্থান করেন কমিশনার সুমতী। সাধারণ নারীর বেশে সেখানে দাঁড়িয়ে থেকে তিনি দেখতে চেয়েছিলেন গভীর রাতে নারীরা জনসমক্ষে কী ধরনের আচরণের শিকার হন।
ওই তিন ঘণ্টায় প্রায় ৪০ জন পুরুষ তাঁর সঙ্গে অশালীন যোগাযোগের চেষ্টা করেন। তাঁদের মধ্যে অনেকেই মদ্যপ ছিলেন এবং কয়েকজনের আচরণে মাদকাসক্তির লক্ষণ দেখা গেছে।
অভিযুক্তদের বেশিরভাগই তরুণ, যাদের মধ্যে শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীও রয়েছেন। তবে সাধারণ নারী মনে করে এগিয়ে আসা ওই পুরুষরা বুঝতে পারেননি যে তাঁরা সরাসরি ওই অঞ্চলের শীর্ষ পুলিশ কর্মকর্তার মুখোমুখি হচ্ছেন।অভিযানের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানটি ছিল পরিস্থিতির বাস্তব মূল্যায়নের একটি বিশেষ উদ্যোগ। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার বা মামলা দেওয়া হয়নি।
পরিবর্তে অভিযুক্তদের থানায় ডেকে নিয়ে কাউন্সেলিং করানো হয়েছে এবং ভবিষ্যতে নারীদের প্রতি সঠিক আচরণের বিষয়ে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।কমিশনার সুমতীর এই পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ করে নারীদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে এমন উদ্যোগ তাঁর জন্য নতুন কিছু নয়। প্রায় ২৫ বছর আগে কর্মজীবনের শুরুতে ডিএসপি থাকাকালীন কাজিপেট রেলস্টেশনের কাছেও তিনি একইভাবে ছদ্মবেশে নেমে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করেছিলেন।
তেলেঙ্গানা ক্যাডারের জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা সুমতী এর আগে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ১ মে তিনি মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার সপ্তাহ পার হওয়ার আগেই তিনি এই বিশেষ অভিযানে নামলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন