রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ১১:২২ এএম

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। রোববার (১০ মে) নয়জন টিভিকে নেতাকে সঙ্গে নিয়ে তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে গত ৬০ বছরের মধ্যে এই প্রথম দ্রাবিড় দুই প্রধান দল ডিএমকে ও এআইএডিএমকে-এর বাইরে কোনো সরকার গঠিত হলো রাজ্যটিতে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং জনপ্রিয় অভিনেত্রী তৃষা। বিজয়ের এই নতুন রাজনৈতিক যাত্রার সূচনায় রাজভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার অর্জনে তাঁকে কিছুটা বেগ পেতে হয়েছে। রাজ্যপালের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে আলোচনার পর তিনি প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত করেন।

রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে বিজয়ের নেতৃত্বাধীন জোট সরকার গঠনের দাবি জানায়। এই জোটে কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) দু’জন এবং সিপিআই, সিপিআই (এম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দু’জন করে বিধায়ক সমর্থন দিয়েছেন। সব মিলিয়ে বর্তমানে বিধানসভায় এই জোটের শক্তি ১২০ জন বিধায়ক।

৫১ বছর বয়সী এই অভিনেতা কাম রাজনীতিবিদ এবারের নির্বাচনে দুটি আসন থেকে জয়ী হয়েছেন। নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। বিজয়ের শপথের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এর আগে শনিবার বিকেলে বিজয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সেখানে সমর্থনের আনুষ্ঠানিক নথি জমা দেওয়ার পরই সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।