মে ১১, ২০২৬, ০৬:৪৩ পিএম
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র গরম ও দাবদাহের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবার (১১ মে) এ সিদ্ধান্তের কথা জানান প্রদেশটির শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত।সরকারি ঘোষণায় বলা হয়েছে, আগামী ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এরপর ২৪ আগস্ট থেকে স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।
গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবে তীব্র তাপদাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর আগে পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে জানিয়েছিল, তাপমাত্রা আরও বেড়ে গেলে স্কুলের সময়সূচি পরিবর্তন বা আগাম ছুটি ঘোষণা করতে হতে পারে। বর্তমানে পরিস্থিতির অবনতি হওয়ায় জনস্বার্থ বিবেচনা করে সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত গ্রহণ করল।
দাবদাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে স্কুলগুলোকে বেশ কিছু বাড়তি নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের আউটডোর বা বহিরাঙ্গন খেলাধুলা ও কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও শীতল পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ও ফ্যানের ব্যবস্থা রাখা।
এছাড়া প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের আরামদায়ক ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পুরো প্রদেশের আবহাওয়া নিয়মিত পর্যবেক্ষণ করছে।
সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে জানানো হয়েছে, তাপমাত্রা অস্বাভাবিক পর্যায়ে চলে যাওয়ায় হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি বেড়েছে। শিক্ষার্থীদের সুরক্ষায় গৃহিত এই পদক্ষেপ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটি চলাকালীন শিক্ষার্থীদের বাড়িতে নিরাপদে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন