মে ১২, ২০২৬, ১১:৪৮ এএম
থালাপতি বিজয় তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠানের পর অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি সামাজিক মাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, “ভালোবাসা সবসময় সোচ্চার”। সেই সঙ্গে নিজের কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
তার এই পোস্টকে কেন্দ্র করেই বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে।গত ১০ মে চেন্নাইয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে থালাপতি বিজয়ের সঙ্গে তার মায়ের উপস্থিতি দেখা গেছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃষা কৃষ্ণান। বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা গেছে বলে দাবি করেছেন অনেক ভক্ত। অনুষ্ঠানে থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন চলছিল।
২০০৪ সালের সুপারহিট ছবি ‘ঘিল্লি’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত একাধিক জনপ্রিয় ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। পর্দার এই রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দীর্ঘদিনের। ২০২৪ সালে থালাপতির জন্মদিনে তৃষার একটি পোস্টও নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল। সেখানে তিনি বিজয়কে “সবচেয়ে ভালো মানুষ” বলে উল্লেখ করেছিলেন।এদিকে থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে বিচ্ছেদের আবেদন নিয়েও বিভিন্ন খবর চাউর হয়েছে।
শপথ অনুষ্ঠানে স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি এ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। এই পারিবারিক সংকটের মধ্যেই তৃষার সরব উপস্থিতি ও আবেগপ্রবণ বার্তা তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদন জগতে নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজয় বা তৃষার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন