রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তেহরানে ভূমিকম্পের আঘাত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৯:৫৩ এএম

তেহরানে ভূমিকম্পের আঘাত

তেহরানে কম্পন অনুভূত

ইরানের রাজধানী তেহরানে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সেদেশের ভূকম্পন কেন্দ্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।ভূকম্পন কেন্দ্রের দেওয়া তথ্যানুযায়ী, আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। 

এর ফলে তেহরানসহ পার্শ্ববর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে তেহরান ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে এই কম্পনের তীব্রতা বেশি ছিল বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া বড় ধরনের কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যও প্রাথমিক পর্যবেক্ষণে পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূ-পৃষ্ঠের কাছাকাছি গভীরে হওয়ায় কম্পনটি বেশ অনুভূত হয়েছে।

মাজানদারান ও তেহরান সীমান্তের পার্বত্য এলাকাগুলোতে ভূমিকম্পের প্রভাব বেশি থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা এলাকাগুলোতে নজরদারি রাখছে, তবে জরুরি কোনো উদ্ধার অভিযানের প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তেহরান ও এর আশপাশের এলাকাগুলো বেশ কয়েকটি টেকটোনিক ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।