মে ২৩, ২০২৬, ০৯:২৮ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়তে পারে। এই যুদ্ধবিরতি ঘিরে এখন একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন এই চুক্তির রূপরেখা তৈরির কাজ এগোচ্ছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর বা ঘনত্ব কমিয়ে আনার বিষয়ে কাঠামোগত আলোচনা শুরুর ইঙ্গিত পাওয়া গেছে।
চুক্তির অংশ হিসেবে মার্কিন অবরোধ শিথিলের বিপরীতে হরমুজ প্রণালি ধীরে ধীরে উন্মুক্ত করতে পারে ইরান।ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হতে পারে।
বিদেশে থাকা ইরানের জব্দ করা সম্পদ আটকে রাখার প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত হতে পারে। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ধাপের আলোচনার অংশ হিসেবে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে চুক্তির বিস্তারিত বিষয় ঠিক করা হতে পারে।
সম্ভাব্য আলোচনার মূল বিষয়ের মধ্যে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি অগ্রাধিকার পাবে। এমন সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস / হারেৎজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন