সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্রান্সে নিষিদ্ধ ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গভির

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৯:৪৬ পিএম

ফ্রান্সে নিষিদ্ধ ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গভির

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ওপর বড় ধরনের কূটনৈতিক কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স। তাকে আনুষ্ঠানিকভাবে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও চরম সহিংসতায় উসকানি দেওয়ার গুরুতর অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। 

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।আজ থেকেই বেন গভিরের প্রবেশে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপের পেছনের কারণগুলো পরিষ্কার করেছেন। ‘গ্লোবাল সুমুদ’ নামের একটি নৌবহরে থাকা ফরাসি ও ইউরোপীয় অধিকারকর্মীদের প্রতি বেন গভির যে আচরণ করেছেন, তার জেরেই মূলত এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইসরাইলি এই কট্টরপন্থি মন্ত্রী ওই নৌবহরের বেসামরিক কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন। তাদের সরাসরি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছে ফ্রান্স সরকার।ফ্রান্স শুধু নিজেদের সীমান্তেই তাকে আটকাচ্ছে না, পুরো ইউরোপেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে। 

ইতামার বেন গভিরের বিরুদ্ধে অভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিও আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন জিন-নোয়েল ব্যারোট। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ভাষ্য, বেন গভির দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতাকে পরিকল্পিতভাবে উসকে দিয়ে আসছেন।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড