জুন ৮, ২০২৬, ১২:২৬ পিএম
দক্ষিণ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই দুর্যোগে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাণিজ্যিক স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার সকালে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস সিটির দক্ষিণে সমুদ্রের নিচে ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ৩৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ৫।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পালাউ, তাইওয়ান এবং পাপুয়া নিউ গিনির উপকূলে সুনামির ঢেউ আঘাত হানতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ফিলিপাইন ও জাপান সরকার সুনামি সতর্কতা জারি করেছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারডিনাল্ড মারকোস উপকূলীয় বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আপনার জীবন সবচেয়ে মূল্যবান, কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন না। ইতিমধ্যে কিয়াম্বা শহরের ৮০ শতাংশ মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন। উদ্ধারকাজ চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন