জুন ১২, ২০২৬, ১১:০১ এএম
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং চারজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। কয়েক দশক আগে ভারত শাসিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য আঞ্চলিক আইনসভায় আসন সংরক্ষণের প্রতিবাদে এই বিক্ষোভ চলছে।হাজার হাজার মানুষ এখন আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের দিকে পদযাত্রা করছেন।
আসন সংরক্ষণের বিরোধিতা করে আওয়ামী অ্যাকশন কমিটি নামের বিভিন্ন সংগঠনের একটি জোট এই বিক্ষোভের ডাক দেয়। কর্তৃপক্ষ ইতোমধ্যে এই জোটকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনে সংগঠনটির নেতাদের গ্রেপ্তারের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১০ হাজারের বেশি বিক্ষোভকারীর একটি বিশাল গাড়িবহর রাওয়ালকোট শহরের চার কিলোমিটার দূরে অবস্থান করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছেন নিরাপত্তা কর্মকর্তারা।
পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। বিক্ষোভকারীদের গাড়িবহরকে কোনোভাবেই রাওয়ালকোট হয়ে মুজাফফরাবাদে যেতে দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন তিনি।
তথ্যসূত্র: বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন