বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সীমান্তনদীতে চীনের মেগা বাঁধের জবাবে ভারতের পাল্টা পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৪:১৫ পিএম

সীমান্তনদীতে চীনের মেগা বাঁধের জবাবে ভারতের পাল্টা পদক্ষেপ

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণকাজ শুরু করেছে চীন। এই বিশাল ও বিতর্কিত প্রকল্পটি ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত এক প্রতিবেদন থেকে দুই দেশের এই নতুন ভূরাজনৈতিক দ্বন্দ্বের তথ্য জানা গেছে।চীনের এই বিশাল জলবিদ্যুৎ উদ্যোগের জবাবে অরুণাচল প্রদেশে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বা সাম্প বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত জোরদার করছে ভারত।

সিয়াং নদীর ওপর প্রস্তাবিত ১১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পটি জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্প থেকে বছরে প্রায় ৪৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার। তবে দুই দেশের এই প্রকল্পের কাজের অগ্রগতির মধ্যে বর্তমানে একটি বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। 

চীনের ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেডগ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ ইতোমধ্যে পুরোদমে শুরু হয়ে গেছে, যেখানে ভারতের সিয়াং প্রকল্প এখনো সম্ভাব্যতা যাচাই পর্যায়েই রয়ে গেছে।ইয়ারলুং সাংপো নদীটি ভারতের ভূখণ্ডে প্রবেশের পর সিয়াং নামে পরিচিত হয় এবং পরবর্তীতে তা বিখ্যাত ব্রহ্মপুত্র নদে রূপ নেয়। অরুণাচল প্রদেশ ও আসামের লাখো মানুষের জীবন-জীবিকা সরাসরি এই নদীর স্বাভাবিক প্রবাহের ওপর নির্ভরশীল। 

বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানে এত বড় বাঁধ নির্মিত হলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহে বড় পরিবর্তন ঘটবে এবং ভাটিতে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হবে। এই উত্তর-পূর্বাঞ্চলে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বন্যা পূর্বাভাস ব্যবস্থা, নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক এবং অবকাঠামোগত সক্ষমতা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।