জুন ২১, ২০২৬, ০৫:৫২ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার কূটনৈতিক আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের এই দেশটি জানায় যে কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। এর আগে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে এসে পৌঁছায়।চলতি বৈঠকে একটি সর্বাত্মক ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত সমস্ত বিষয় এই স্থায়ী চুক্তি অর্জনের পথ তৈরি করবে। দুই দেশের প্রতিনিধিরা চলমান আলোচনার মাধ্যমে সমস্ত পারস্পরিক মতভেদ দূর করে একটি টেকসই কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারবেন বলে মধ্যস্থতাকারীরা মনে করছেন। এর আগে উভয় দেশ একটি ১৪ দফার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল যেখানে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির অঙ্গীকার করা হয়।
ওই সমঝোতা স্মারকের প্রথম ধারা অনুযায়ী সব ফ্রন্টে অবিলম্বে শত্রুতা বন্ধ করার কথা বলা হয়েছে। একই সাথে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই চুক্তির অংশ। এ ছাড়া কূটনৈতিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ করার বিষয়টিও আলোচনায় বিশেষভাবে স্থান পেয়েছে।
সুইজারল্যান্ডের এই নতুন বৈঠককে ওই পূর্ববর্তী সমঝোতা স্মারক বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় এবং ইতিবাচক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের দীর্ঘদিনের শীতল কূটনৈতিক সম্পর্কের বরফ গলাতে এই দ্বিপক্ষীয় আলোচনা বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন