জুন ২১, ২০২৬, ০৬:০৫ পিএম
সংযুক্ত আরব আমিরাত শিশুদের অনলাইন ঝুঁকি এবং ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার লক্ষ্যে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশটির মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বয়সসীমার নিচে থাকা কোনো শিশু এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট, মন্তব্য বা অন্য কোনো অনলাইন কার্যক্রমে অংশ নিতে পারবে না। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিশুদের নিরাপদ ও বয়সোপযোগী ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতেই এই বড় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।নতুন নীতিমালায় ১৫ থেকে ১৬ বছর বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুমতি দেওয়া হলেও তাদের ক্ষেত্রে কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই বয়সসীমার কিশোরদের জন্য বয়সভিত্তিক কনটেন্ট শ্রেণিবিন্যাস এবং প্যারেন্টাল কন্ট্রোল সক্রিয় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে তাদের অ্যাকাউন্টগুলোতে যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ ফিচার বা সুবিধা বন্ধ রাখতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী সমস্ত বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ওপরও নতুন কিছু গুরুদায়িত্ব অর্পণ করেছে দেশটির সরকার। এখন থেকে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য বয়স যাচাই করার জন্য ডিজিটাল পরিচয়পত্র, জাতীয় পরিচয় যাচাই বা বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ছাড়া শিশুদের লক্ষ্য করে ট্র্যাকিংভিত্তিক বিজ্ঞাপন বা আচরণগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোনো প্রচার চালানো যাবে না।
প্রযুক্তির সুফলের পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব থেকে নতুন প্রজন্মকে দূরে রাখাই এই সময়োপযোগী উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এই ব্যবস্থার সফল বাস্তবায়নে পরিবার ও স্কুলগুলোকে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে বিশেষ সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হবে। নতুন এই আইনি নির্দেশনাটি প্রাথমিকভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট এবং টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য হবে।
সূত্র: গালফ নিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন