জুন ২২, ২০২৬, ১০:৪৭ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের অত্যন্ত কাছাকাছি একটি বিশাল গোপন ভূগর্ভস্থ অস্ত্র ও ড্রোন কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মূলত এই দুর্ভেদ্য আস্তানা থেকে উন্নত প্রযুক্তির ড্রোন তৈরি ও পরিচালনা করতো এবং এর পেছনে তেহরানের সরাসরি অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা ছিল বলে দাবি তেল আবিবের।সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এই চাঞ্চল্যকর সামরিক অভিযানের খবরটি নিশ্চিত করেছে।
ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ লেবাননের মাজদাল জৌন গ্রামে একটি বিশেষ সুড়ঙ্গপথের সন্ধান পায় ইসরায়েলি সেনারা। কয়েকশ মিটার বিস্তৃত এই গোপন সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে পাহাড়ের নিচে নির্মিত বিশাল একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা খুঁজে বের করা হয়। মাটির নিচে প্রায় ২৯ মিটার গভীরে অবস্থিত এই মূল অস্ত্রভান্ডারটি বিশেষ ধরনের বিস্ফোরণরোধী ইস্পাতের দরজা দিয়ে সুরক্ষিত ছিল এবং ভেতরে ড্রোন তৈরির উপযোগী একাধিক কক্ষের উপস্থিতি মিলেছে। গত এক দশকে চোরাইপথে আনা বিভিন্ন উন্নত যন্ত্রাংশ ব্যবহার করে এই কারখানাটি গড়ে তোলা হয়েছিল।
সেখান থেকে প্রায় ৫০টি অত্যাধুনিক ড্রোন এবং প্রায় আট টন উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে সামরিক বাহিনী দাবি করেছে। একই সঙ্গে পাহাড়ের দক্ষিণাংশে ড্রোন নিখুঁতভাবে উৎক্ষেপণের জন্য ব্যবহৃত বিশেষ ধরনের লঞ্চিং পয়েন্টের খোঁজ পেয়েছেন সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই ড্রোনগুলো তাদের দেশের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি ছিল এবং অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর সেই আকাশপথের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন