জুন ২৩, ২০২৬, ০৭:২৮ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে তিনি নিজ সিদ্ধান্তেই ঢাকা ফিরে গেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দেশটির সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়া দিল্লিতে এই মন্তব্য করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা চলছে।মুখপাত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত ১৪ জুন একটি ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ২৮তম বৈঠকে অংশ নেওয়া তার উদ্দেশ্য ছিল।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করার পর সফরের উদ্দেশ্য পুনরায় নিশ্চিত হয়ে ভারতে প্রবেশের অনুমতি দেন। কিন্তু তিনি নিজ ইচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এর আগে তাকে দিল্লি বিমানবন্দরে কিছু সময় আটকে রাখার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল। মূলত নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় তার নাম থাকায় অভিবাসন কর্মকর্তারা তাকে সাময়িকভাবে আটকে রেখেছিলেন বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন