মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে বাড়ল প্রাণহানি ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৫:২৫ পিএম

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে বাড়ল প্রাণহানি ১৬৪

ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি অত্যন্ত শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে শতশত ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।জোড়া ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস প্রাথমিকভাবে এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল প্রাণহানির পূর্বাভাস দিয়েছিল। পরবর্তীতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে ১৬৪ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি জানান, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ৯৭১ জন মানুষ গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকারীরা ধসে পড়া কংক্রিটের নিচ থেকে একের পর এক মানুষকে উদ্ধার করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ভূমিকম্পের তীব্রতা পরিমাপে দেখা গেছে, প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয় এবং এর ঠিক ৪০ সেকেন্ডের মাথায় ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী ধাক্কাটি আঘাত হানে। আন্তর্জাতিক গণমাধ্যমের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারের পাহাড়ের ঢালে থাকা বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়তে দেখা গেছে। আতঙ্কিত বাসিন্দারা তাদের পরিবার ও পোষা প্রাণীসহ বহুতল ভবনগুলো থেকে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। 

পরবর্তী আফটারশকের তীব্র ভয়ে গৃহহীন ও আতঙ্কিত হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে সারারাত অতিবাহিত করেছেন।বিপর্যয় কবলিত এলাকাগুলোতে বর্তমানে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করছেন। ধসে পড়া অবকাঠামো সরানোর সাথে সাথে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

তথ্যসূত্র: এএফপি