জুন ২৫, ২০২৬, ১১:৩০ পিএম
ভারতের দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ ভুলবশত স্বল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় দায়িত্বরত পাইলটকে বিমান পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা নিশ্চিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।
গত ২২ জুন রাতে এই ঘটনা ঘটে, যা দুই দেশের বিদ্যমান কূটনৈতিক ও ভৌগোলিক সম্পর্কের কারণে বেশ সংবেদনশীল আকার ধারণ করেছে।ভারতের নিয়ন্ত্রক সংস্থা এই ঘটনাটির জন্য অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে।সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, একটি এয়ারবাস এ-৩২১ উড়োজাহাজ নিয়ে পাইলট যখন অমৃতসর বিমানবন্দরের দিকে এগোচ্ছিলেন, তখন রানওয়েতে পাখির আঘাতের একটি ঘটনার তদন্ত চলায় বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়।
অবতরণের পূর্বপ্রস্তুতি ও রাডার ভেক্টরিংয়ের সময় বিমানটি দিক পরিবর্তন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে প্রায় তিন মাইল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করে। পুরো বিষয়টি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ রেডিও সমন্বয় করে পরিচালনা করা হয়। পরবর্তীতে রানওয়ে জটিলতা ও উড়োজাহাজের জ্বালানি কমে আসায় সেটিকে জরুরি ভিত্তিতে পুনরায় দিল্লিতে ফেরত পাঠানো হয় এবং সেখানে সেটি নিরাপদে অবতরণ করে।
বিমানটি পরে পুনরায় দিল্লির রানওয়ে থেকে উড্ডয়ন করে অমৃতসরে নিজের নির্ধারিত যাত্রা সম্পন্ন করে। তবে আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের এই স্পর্শকাতর ঘটনাটি যথাসময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট না করায় ফ্লাইট ক্রু ও অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতীয় এয়ারলাইন্সের জন্য তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল।
তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন