বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১১:৫২ এএম

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্যমতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে এটি ছিল তাদের ‘শাস্তিমূলক প্রতিক্রিয়ার’ প্রথম ধাপ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে। আইআরজিসির দাবি, এই অভিযানে কুয়েতের ক্যাম্প আরিফজান সামরিক ঘাঁটি ও আলি আল সালেম বিমানঘাঁটির পাশাপাশি বাহরাইনের জুফাইর ও শেখ ঈসা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ভোরে কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার কারণেই হচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা জানিয়েছে, দেশজুড়ে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে।

এর আগে আইআরজিসি জানিয়েছিল, ইরানের দক্ষিণ উপকূলীয় বিভিন্ন প্রদেশ এবং পূর্বাঞ্চলে মাশহাদ শহরের দিকে যাওয়ার সড়কের দুটি সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানকে আড়াল করতেই যুক্তরাষ্ট্র এসব হামলা চালিয়েছে।

ইরানের এই বাহিনী আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায়, তবে ইরানের ‘কঠোর জবাব’ এ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের আরও সামরিক ঘাঁটিতে বিস্তৃত হবে। এর আগে আইআরআইবি জানায়, উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের আককালা শহরের বাইরে আক তেকেহ খান সেতু এলাকায় যুক্তরাষ্ট্র সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে রেলপথে বিস্ফোরণ ঘটে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, গোলেস্তান প্রদেশে আইআরজিসির শাখা নিশ্চিত করেছে যে, আক তেকেহ খান সেতু এলাকায় যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তারা কঠোর প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে।