জুলাই ১০, ২০২৬, ০৫:১১ পিএম
দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির আন্দালুসিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও ১৯ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র দাবদাহের মধ্যে স্পেন, ফ্রান্স ও পর্তুগালে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে।তীব্র দাবদাহে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত চারজন ব্রিটিশ নাগরিক থাকতে পারেন। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো এই ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন। স্থানীয়দের দাবি, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বেদার এলাকায় আগুন নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন দমকলকর্মী নিরলসভাবে কাজ করছেন। ইতিমধ্যে আহত একজনকে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে এবং আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও চারজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দাবানলের কারণে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চলতি গ্রীষ্মে দেশের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল মোকাবিলা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। এরই অংশ হিসেবে দেশটির সামরিক জরুরি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে অভিযানে অংশ নিচ্ছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন যে, এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি সব বিভাগ একযোগে কাজ করে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন