জুলাই ১৬, ২০২৬, ০৮:২০ পিএম
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেরহি কোরেৎসকিকে অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। বৃহস্পতিবার ভেরখোভনা রাদায় অনুষ্ঠিত ভোটাভুটিতে তার নিয়োগ নিশ্চিত করা হয়। সরকারের সর্বশেষ রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংসদে অনুষ্ঠিত ভোটাভুটিতে কোরেৎসকির পক্ষে ২৮৯ জন আইনপ্রণেতা ভোট দেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মন্ত্রিসভায় পরিবর্তনের ঘোষণা দেওয়ার পর ইউলিয়া সভিরিদেঙ্কো পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়। ইউক্রেনের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ অনুমোদিত হওয়ার সাথে সাথে পুরো মন্ত্রিসভার পদত্যাগ কার্যকর হয়। সেই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট জেলেনস্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেরহি কোরেৎসকির নাম পার্লামেন্টে পাঠান।
গত রোববার সভিরিদেঙ্কোর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেছিলেন, আসন্ন শীতকালীন প্রস্তুতি এখন ইউক্রেনের অন্যতম প্রধান অগ্রাধিকার। সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবিলায় দেশকে প্রস্তুত রাখার ওপর জোর দেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সংস্কার দ্রুত এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো বাস্তবায়নের বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট।
সেরহি কোরেৎসকি এর আগে ইউক্রেনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের মে মাস থেকে তিনি ওই পদে ছিলেন।
পার্লামেন্টের স্পিকার রুসলান স্তেফানচুক জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী রাখাকেই নতুন সরকারের প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন