রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের তিন দেশে উচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৯:৪৮ এএম

ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের তিন দেশে উচ্চ সতর্কতা

ছবি - সংগৃহীত

ইরানে মার্কিন হামলার পর কাতারের রাজধানী দোহাসহ মধ্যপ্রাচ্যের তিন দেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে কাতার, কুয়েত ও বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটে। সংঘাতের প্রেক্ষিতে অঞ্চলটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

কাতারের রাজধানী দোহায় শুক্রবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার পরপরই দেশটিতে নিরাপত্তা ঝুঁকির মাত্রা বেড়ে যাওয়ায় সতর্কবার্তা জারি করা হয়। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং হুমকি কেটে গেছে।

কুয়েতের আকাশসীমায় ৩২টি শত্রু ড্রোন শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ড্রোনগুলো ভূপাতিত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ বেশ কয়েকটি আবাসিক এলাকায় পড়েছে। এতে কিছু বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের হামলায় কুয়েতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সময়ে বাহরাইনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্কসংকেত জারি করে জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সেনাবাহিনী বাহরাইনের সাখির বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন হেলিকপ্টার ও গোয়েন্দা নজরদারি বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলার পর এটি তেহরানের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে এই সংঘাতের বিস্তার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।