রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৫:৪৬ পিএম

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ছবি - সংগৃহীত

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে। প্রায় তিন মাস পর সৌদি ভূখণ্ডে এটি তেহরানের সরাসরি কোনো হামলা।তেহরানের এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছিল ইরান। তবে সর্বশেষ হামলায় কোন মার্কিন ঘাঁটিটি লক্ষ্যবস্তু ছিল, কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

একই দিনে কুয়েতের তেল স্থাপনাতেও হামলার ঘটনা ঘটেছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, শনিবার সকালে তাদের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার বরাতে গালফ নিউজ জানায়, এ হামলায় স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হামলার শিকার স্থাপনাটি খালি করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে, গাজায় জানাজার নামাজে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের এসব ধারাবাহিক ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে।