রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা পেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ও সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে আবেদনকারীদের যাতায়াত, চিকিৎসা এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন যাবতীয় ব্যয় বহনের আর্থিক সক্ষমতার জোরালো প্রমাণ দিতে হবে।শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নতুন নির্দেশনা প্রকাশ করা হয়।

কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন অত্যন্ত সতর্কতার সঙ্গে পৃথকভাবে মূল্যায়ন করবেন। এর মূল উদ্দেশ্য হলো—আবেদনকারীর প্রস্তাবিত চিকিৎসা বা যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে দেশটির করদাতাদের ওপর যেন কোনো ধরনের অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা।

নতুন নিয়ম অনুযায়ী, চিকিৎসা ভিসার আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের মাধ্যমে ইস্যুকৃত চিকিৎসা-সংক্রান্ত নথি বা ব্যবস্থাপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। একই সঙ্গে ঠিক কী কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন, তার সুনির্দিষ্ট ও যৌক্তিক ব্যাখ্যাও প্রদান করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্থানীয় কোনো চিকিৎসক কিংবা হাসপাতালের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সম্মতিপত্র বা গ্রহণযোগ্যতার চিঠি জমা দেওয়া আবশ্যক। ওই চিঠিতে প্রস্তাবিত চিকিৎসার ধরন, এর সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিস্তারিত বিবরণ থাকতে হবে।

পাশাপাশি আবেদনকারীদের চিকিৎসা খরচ, যাতায়াত ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন আবাসনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য পর্যাপ্ত আর্থিক সচ্ছলতার সপক্ষে ব্যাংকিং বা অন্যান্য বৈধ প্রমাণপত্র দাখিল করতে হবে। বর্তমান অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র সরকার তাদের কনস্যুলার সেবায় স্বচ্ছতা ও কড়াকড়ি আরও বাড়িয়েছে।