রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্রান্স ও স্পেনে দাবানলে সরিয়ে নেওয়া হলো ২ লাখ ২৫ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০১:০৭ পিএম

ফ্রান্স ও স্পেনে দাবানলে সরিয়ে নেওয়া হলো ২ লাখ ২৫ হাজার মানুষ

ছবি - সংগৃহীত

ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।দুই দেশ মিলে এ পর্যন্ত অন্তত দুই লাখ পঁচিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাওয়া হয়েছে।ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দো শহর ও সংলগ্ন এলাকায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। 

বোর্দোর দক্ষিণাঞ্চলের আটলান্টিক উপকূলের ক্যাপ ফেরে উপদ্বীপ থেকেই প্রায় চুয়াল্লিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরও প্রায় ষাট হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে। উপদ্বীপের একমাত্র যোগাযোগ সড়কটিও এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। ফরাসি কর্তৃপক্ষের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্স থেকে প্রায় দুই লাখ এবং স্পেনের রাজধানী মাদ্রিদ অঞ্চল থেকে পঁচিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

তীব্র খরা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তৃতি লাভ করায় স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ঘন ধোঁয়ার কারণে মাদ্রিদ অঞ্চলের প্রায় চল্লিশ হাজার বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জরুরি বৈঠক ডেকে অতিরিক্ত এক হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। দেশটিতে দাবানলে ইতোমধ্যে প্রায় বাইশ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধারকাজ চালাতে গিয়ে ফায়ার সার্ভিসের চল্লিশের অধিক সদস্য আহত হয়েছেন। 

এছাড়া ইউরোপীয় কমিশন স্পেনে চারটি এবং ফ্রান্সে তিনটি অগ্নিনির্বাপণ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী খরা এবং সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ এ বছরের দাবানল পরিস্থিতিকে নজিরবিহীন মাত্রায় পৌঁছে দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের সুরক্ষায় মাস্ক বিতরণ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলার কাজ চলছে।