জুলাই ২৫, ২০২৬, ০৭:০২ পিএম
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ৩৬ দিনের টানা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি।শনিবার সন্ধ্যায় দিল্লিতে সরকার ও সিজেপির যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।প্রশ্নফাঁসের ঘটনার জেরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল আন্দোলনকারীদের মূল দাবি। সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সাথে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে তাদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নেতারা। সৌরভ দাস জানান, সরকারের কাছে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, ভবিষ্যতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মতি মিলেছে।
প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পর্কে সৌরভ দাস জানান, দিল্লিতে দায়ের হওয়া প্রায় পনেরো থেকে কুড়িটি মামলার কপি আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের দেওয়া হবে এবং অল্প সময়ের মধ্যেই এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। সিজেপির পক্ষ থেকে আত্মহত্যাকারী ভুক্তভোগীদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানানো হলেও সরকার প্রচলিত আইন অনুযায়ী সম্মানসূচক সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।
এছাড়া শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পাঁচ দফা দাবিপত্রও সরকারের কাছে পেশ করা হয়েছে, যার ওপর ভিত্তি করে আগামী চার সপ্তাহ পর সরকারের সাথে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে।আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের স্থান ত্যাগের আহ্বান জানিয়েছে পুলিশ।টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে এবং নিরাপত্তা রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন