জুলাই ২৬, ২০২৬, ১০:২১ এএম
ইউরোপ মহাদেশে দেখা দেওয়া তীব্র তাপপ্রবাহ ও দমকা বাতাসের কারণে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের দ্রুত বিস্তারের মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে তিন লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্স ও স্পেনে প্রাণপণ লড়ছেন হাজারো দমকলকর্মী।ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গিরন্দ ও লঁদ এলাকা থেকে নতুন করে প্রায় আড়াই লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ছাড়া রাতারাতি দেশটির আরও ৫৫ হাজার মানুষকে এলাকা ছাড়ার জরুরি নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পার্শ্ববর্তী বোর্দো শহরের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফরাসি অগ্নিনির্বাপণ কর্মকর্তাদের মতে, এই আগুন এতটাই তীব্র রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে একধরনের শক্তিশালী ঘূর্ণিবাতাস তৈরি করছে, যার ফলে আগুনের গতিপথ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেদেশের সরকার সরাসরি সেনাবাহিনী মোতাহেন করেছে এবং অগ্নিনিরোধক ফাঁকা এলাকা তৈরির কাজ চালাচ্ছে।
এদিকে স্পেনেও পরিস্থিতি দিন দিন আরও সংকটাপন্ন রূপ নিচ্ছে।দেশটির মাদ্রিদ ও আভিলা অঞ্চল থেকে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২৮ হাজারের বেশি মানুষকে সার্বিক সুরক্ষার স্বার্থে ঘরের ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে টলেডো এলাকার অন্তত আটটি শহর ফাঁকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দাবানলের তীব্রতায় ভ্যালেন্সিয়া অঞ্চলে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নিজের গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যান বলে জানা গেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশবাসীকে সতর্ক করে জানিয়েছেন যে সামনে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। হিসাব অনুযায়ী চলতি বছরে দেশটির প্রায় ১ লাখ ৩০ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে, যা গত এক দশকের গড় হিসাবকেও ছাড়িয়ে গেছে।
দাবানলের এই প্রভাব শুধু ফ্রান্স ও স্পেনেই সীমাবদ্ধ নেই, ইউরোপের আরও কয়েকটি দেশে তা ভয়াবহ আকার ধারণ করেছে। ইতালির সিসিলি দ্বীপে নতুন করে ৩৫০টির বেশি স্থানে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। একইভাবে স্কটল্যান্ডের কেয়ার্নগর্মস জাতীয় উদ্যানেও টানা ১০ দিন ধরে আগুন জ্বলছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সার্বিক ক্ষয়ক্ষতির সম্ভাব্য রেকর্ড নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সংকট মোকাবিলায় ফ্রান্স ও স্পেনে বিশেষ অগ্নিনির্বাপক বিমান, হেলিকপ্টার ও প্রশিক্ষিত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন