রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১২:৪৮ পিএম

কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন মোদি

ছবি - সংগৃহীত

প্রশ্নফাঁসবিরোধী কঠোর পদক্ষেপ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের রূপরেখা প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও শেয়ার করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে প্রকাশের পর মাত্র প্রথম ২৪ ঘণ্টার ভেতর ভিডিওটি ৩০ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে।এর মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের আগের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।গত বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। 

দেশজুড়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভ ও কঠোর আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই ভিডিওতে প্রশ্নফাঁস রোধে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও আইনি সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। স্বল্প সময়ের মধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে নজিরবিহীন সাড়া ফেলতে সক্ষম হয়।রেকর্ড গড়া এই রিলে ১ কোটি ৬০ লাখের বেশি লাইক এবং ১৫ লাখের অধিক মন্তব্য জমা পড়েছে। একই সঙ্গে মাত্র এক রাতের ব্যবধানে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুক্ত হয়েছেন প্রায় ১০ লাখ নতুন অনুসারী।

এর আগে চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি দেখা ইনস্টাগ্রাম রিলের এই রেকর্ডটি ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের দখলে। বিশ্বকাপ চলাকালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্যদের সাথে তাঁর সাক্ষাতের একটি রিল তখন ৩০ কোটি বার দেখা হয়েছিল। সেই পুরনো রেকর্ডকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় প্রধানমন্ত্রী।

চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে মূলত নিট পরীক্ষার প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পড়ে সরকার কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিতে বাধ্য হয়েছে।প্রকাশিত ভিডিওতে প্রধানমন্ত্রী জানান, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের জন্য নতুন বিল খুব শিগগিরই কেন্দ্রীয় মন্ত্রিসভায় তোলা হবে। এর পরের দিন শুক্রবার রাতে আরেকটি ভিডিও প্রকাশ করে তিনি দেশের তরুণ সমাজকে ইতিবাচক সাড়ার জন্য ধন্যবাদ জানান।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে বর্ষাকালীন সংসদ অধিবেশনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরালোভাবে উত্থাপন করা হচ্ছে। সংসদ ভবনের ভেতর ও বাইরে এই ইস্যুতে রাজনৈতিক চাপ তীব্র আকার ধারণ করেছে।দায়ীদের ইতোমধ্যে কারাবন্দী করা হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ নষ্ট না করতে সরকার স্বল্প সময়েই নতুন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে বলে ভিডিও বার্তায় উল্লেখ করেন মোদি।আসন্ন মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ অনুমোদিত হবে।