জুলাই ২৮, ২০২৬, ১১:০৮ এএম
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বোর্দোর মাত্র ১৫ কিলোমিটারের মধ্যে ভয়াবহ দাবানল তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের মেয়র থমাস কাজেনাভ এই পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক বলে অভিহিত করে সতর্কবার্তা জারি করেছেন এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যমের সূত্রে জানা গেছে, দেশটির বিভিন্ন অঞ্চলে চলমান এই প্রলয়ঙ্করী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা যৌথভাবে কাজ করছেন।পরিস্থিতির অবনতি ঘটায় ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত এলাকা সরাসরি পরিদর্শন শেষে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গণমাধ্যমকে জানান যে বর্তমানের এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফ্রান্সে ঘটা সবচেয়ে ভয়াবহ দাবানল।
তীব্র তাপপ্রবাহ এবং প্রবল বাতাসের বেগের কারণে আগুন দ্রুত বিস্তৃত হওয়ায় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে দুই লাখ বিশ হাজারের বেশি নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কেবল জিরোন্দ এলাকাতেই প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে এবং দুই শতাধিক বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।একই সময়ে ইউরোপের প্রতিবেশী দেশ স্পেনেও ভয়াবহ দাবানল মারাত্মক আকার ধারণ করেছে।
স্পেনের মাদ্রিদ অঞ্চলের পশ্চিমাংশে ছড়িয়ে পড়া আগুনে লক্ষাধিক মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। প্রায় সাতাশ হাজার হেক্টর এলাকা পুড়ে গেলেও এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে দেশটিতে তেরো হাজারেরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষের অসাবধানতা এর জন্য দায়ী।জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব বৈশ্বিক বাস্তুতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।
তথ্যসূত্র: বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন