জুলাই ৩১, ২০২৬, ১০:১৬ এএম
রাশিয়া ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভ এবং পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ ছিল এই হামলার প্রধান লক্ষ্য।ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চালানো এই হামলায় ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২৮০টি ড্রোন ব্যবহার করেছে মস্কো। দীর্ঘ সময় পর এবার প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যায় উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। ওই হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি গ্রামে ছয়জন নিহত হন।
মৃতের সংখ্যা এখন ৯।হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মিত্র দেশগুলোর কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে প্রাণহানি বাড়ছে। তিনি ধ্বংসস্তূপ ও উদ্ধারকাজের ছবি প্রকাশ করে বলেন, মানুষের জীবন রক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে যুদ্ধবিমান মোতায়েন করেছে। দেশটির তরফ থেকে জানানো হয়েছে, একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পূর্ব পোল্যান্ডের একটি মাঠে বড় গর্ত ও ধ্বংসাবশেষ রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন