আগস্ট ১২, ২০২৬, ০৮:০১ পিএম
গত কয়েক বছর ধরে ভারতে প্রাতিষ্ঠানিকভাবে নতুন কাজ করার সুযোগ না পেলেও দেশটির শ্রোতাদের ভালোবাসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এক সাক্ষাৎকারে তিনি জানান যে ভারতীয় ভক্তরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে এবং সিডি বানিয়ে এখনো তার গান শুনছেন ও ছড়িয়ে দিচ্ছেন।
রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান বন্ধ থাকলেও শ্রোতাদের এই আত্মিক টান তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।একটি ইউটিউব অনুষ্ঠানে কথা বলার সময় তিনি শ্রোতাদের এই ভালোবাসার কথা সবিস্তারে তুলে ধরেন।পাইরেসিকে সমর্থন না করলেও আতিফ বিশ্বাস করেন যে ভালো গান ঠিকই শ্রোতার হৃদয়ে পৌঁছানোর পথ করে নেয়। এই নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ নেতিবাচক হিসেবে না দেখে এর মধ্যে একটি ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন এই শিল্পী।
তার মতে, ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের ব্যস্ততা না থাকলে তিনি হয়তো নিজের মৌলিক সংগীতে এতটা সময় ও মনোযোগ দিতে পারতেন না।এই পরিস্থিতি তাকে স্বাধীনভাবে সংগীতে নতুন করে আত্মপ্রকাশ করার সুযোগ এনে দিয়েছে বলে তিনি মনে করেন।বলিউডে পা রাখার আগে থেকেই জাল ব্যান্ডের আদাত গানের মাধ্যমে দুই বাংলায় দারুণ পরিচিতি পান আতিফ।
পরবর্তীতে রেস, আজব প্রেম কি গজব কাহানি এবং টাইগার জিন্দা হ্যায়-এর মতো চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি কোটি ভক্তের মন জয় করেন। ২০১৬ সালের উরি হামলার পর দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে সাংস্কৃতিক কর্মকাণ্ড থমকে গেলেও ভারতীয় ভক্তদের সঙ্গে তার সেই দূরত্ব তৈরি হয়নি।যাঁদের কারণে কাজ বন্ধ হয়েছে তাদের প্রতিও কোনো ক্ষোভ প্রকাশ না করে বরং ভক্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন