আগস্ট ২০, ২০২৬, ১২:০৩ পিএম
বৈশ্বিক সামরিক উত্তেজনা ও অস্ত্র তৈরির চাহিদা বৃদ্ধির মুখে অস্ট্রেলিয়ার কিং দ্বীপে অবস্থিত ঐতিহাসিক ডলফিন খনি থেকে আবারও টাংস্টেন উত্তোলন শুরু হচ্ছে। শক্তিশালী বর্ম-ভেদী গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সাঁজোয়া যানের জন্য এই ধাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। বিশ্বজুড়ে সংঘাতের বিস্তার ঘটার প্রেক্ষাপটে আগামী সেপ্টেম্বর মাস থেকেই মাটির নিচ থেকে বাণিজ্যিক আকরিক তোলার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।
এক শতাব্দীরও বেশি সময় ধরে বৈশ্বিক যুদ্ধের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এই খনির ভাগ্য।প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্র চাহিদার প্রেক্ষাপটে ১৯১৭ সালে এই খনি প্রথম চালু হলেও যুদ্ধ শেষ হওয়ার পর তিন বছরের মাথায় তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৩৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শুরু হলে এটি পুনরায় সচল করা হয় এবং কোরিয়া ও ভিয়েতনাম যুদ্ধের সময়ও খনিটি আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে চালু ও বন্ধ হয়েছে। স্নায়ুযুদ্ধের অবসান এবং ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের পর এটি দীর্ঘ তিন দশক পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ২০২২ সালের শুরুর দিকে খনিটি পুনরুজ্জীবনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্বজুড়ে চলমান সামরিক সংঘাতের কারণে টাংস্টেনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নতুন করে এখানে বড় ধরনের বিনিয়োগ শুরু করেছেন। বিশ্বের সিংহভাগ টাংস্টেন চীনের নিয়ন্ত্রণে থাকায় পশ্চিমা বিশ্ব এখন বিকল্প উৎসের সন্ধানে মনোযোগ জোরদার করেছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে খনিজ সংগ্রহের এই প্রতিযোগিতা তীব্র হচ্ছে। একই কৌশলগত প্রয়োজনে কাজাখস্তানের একটি অব্যবহৃত টাংস্টেন ভাণ্ডার থেকে খনিজ উত্তোলনে একশত ষাট কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।আধুনিক ক্ষেপণাস্ত্র ও সমরাস্ত্র উৎপাদনে এই বিশেষ ধাতুর ক্রমবর্ধমান ঘাটতি মেটাতে খনিজ খাত এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
সূত্র- নিউইয়র্ক পোস্ট

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন