বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৭ বাংলাদেশির প্রাণহানি কলকাতার হোটেল মালিক গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ১১:৫৯ পিএম

৭ বাংলাদেশির প্রাণহানি কলকাতার হোটেল মালিক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ভারতের কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির অন্যতম মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ওই ভবনটিতে সংঘটিত ভয়াবহ আগুনে সাতজন বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জনের মর্মান্তিক মৃত্যু হয়। 

এই অগ্নিকাণ্ডের পর থেকেই ভবনের নিরাপত্তা ব্যবস্থা ও আইনি অনুমোদন নিয়ে তীব্র প্রশ্ন উঠেছিল।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এর আগে অন্য এক পরিচালনা সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছিল।তদন্তে জানা গেছে, পাঁচতলা ভবনটিতে অবস্থিত শিখা ইন হোটেলটি বিভিন্ন অংশে ভাগ করে ভিন্ন ব্যক্তিদের কাছে লিজ দেওয়া হয়েছিল। 

অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে পর্যাপ্ত অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা এবং জরুরি নির্গমনের উপযুক্ত পথ না থাকায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। শুধুমাত্র একটি লিফট ও একটি সংকীর্ণ সিঁড়ি থাকায় বিপদের সময় অতিথিরা আটকা পড়েন। তদন্তকারী কর্মকর্তারা হোটেলটির লিজ গ্রহীতা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন।

ভবনটিতে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না এবং এর পেছনে অবহেলা কোথায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিদেশি নাগরিকদের মৃত্যুর এই ঘটনায় দুই দেশের প্রশাসনিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হোটেল মালিকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।