সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৫:৫৫ পিএম
মদিনার মাটির নিচে জ্বালানি তেলের বাইরে বিপুল পরিমাণ মূল্যবান বিরল খনিজ ও ইউরেনিয়াম মজুতের সন্ধান পেয়েছে সৌদি আরব। দেশটির ঐতিহাসিক মদিনা অঞ্চলের জাবাল সাইদ ভূতাত্ত্বিক প্রকল্পে প্রায় ১১০ মিলিয়ন টন বা ১১ কোটি টন আকরিক সম্পদের এই নতুন মজুত নিশ্চিত করা হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বার্ষিক সাধারণ সম্মেলনে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের সামনে ঘোষণা করেন যে, ব্যাপক ভূতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে জাবাল সাইদে অত্যন্ত উচ্চ ঘনত্বের বিরল মৃত্তিকা খনিজের সন্ধান মিলেছে। একই সঙ্গে এলাকাটিতে আশাব্যঞ্জক মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আধুনিক বিশ্বে এসব বিরল খনিজ উচ্চপ্রযুক্তির শিল্পে অপরিহার্য ভূমিকা পালন করে। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি তৈরি, সর্বাধুনিক স্মার্টফোন, উচ্চক্ষমতাসম্পন্ন চুম্বক, বায়ু বিদ্যুৎ টারবাইন এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির সামরিক সরঞ্জাম উৎপাদনে এসব উপাদান ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
অন্যদিকে ইউরেনিয়াম হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পরমাণু জ্বালানির প্রধান উৎস। গবেষণায় সেখানে বিপুল পরিমাণ ভারী ও হালকা খনিজের নির্দিষ্ট অনুপাত চিহ্নিত হয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, জাবাল সাইদ প্রকল্পে ডিসপ্রোসিয়াম এবং টারবিয়ামের মতো ভারী বিরল মৃত্তিকা খনিজ রয়েছে প্রায় পাঁচ লাখ ৫২ হাজার টন। এর পাশাপাশি হালকা বিরল মৃত্তিকা খনিজ হিসেবে পরিচিত নিওডিমিয়াম ও প্রেসিওডিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন লাখ ৫৫ হাজার টনে। একই ভূতাত্ত্বিক স্তরে প্রায় ৩১ হাজার টন পারমাণবিক জ্বালানি উপযোগী ইউরেনিয়ামের সুনির্দিষ্ট মজুত থাকার তথ্য উঠে এসেছে।
এই কৌশলগত আবিষ্কার এমন এক সময়ে সামনে এলো যখন সৌদি আরব তেলের ওপর একক অর্থনৈতিক নির্ভরতা কাটিয়ে বিকল্প সম্পদের দিকে ঝুঁকছে। দেশটির রাষ্ট্রায়ত্ত খনি শিল্প প্রতিষ্ঠান ‘মা`আদেন’ এসব গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন এবং পরিশোধনের লক্ষ্যে আন্তর্জাতিক বিভিন্ন অংশীদারের সাথে কাজ বাড়িয়ে চলেছে। এর পাশাপাশি ওয়াশিংটনের সাথে রিয়াদের বেসামরিক পারমাণবিক প্রযুক্তি সহযোগিতাও দ্রুত গতি পেয়েছে। সম্প্রতি সৌদি ও মার্কিন জ্বালানিমন্ত্রীদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি এই দীর্ঘমেয়াদি পারমাণবিক রূপান্তরের দৃঢ় ভিত্তি তৈরি করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন জ্বালানি দপ্তর। মদিনার মাটির নিচে আবিষ্কৃত এই বিশাল খনিজ সম্ভার বৈশ্বিক জ্বালানি ও প্রযুক্তি বাজারে মধ্যপ্রাচ্যের শক্তি হিসেবে সৌদির অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন