বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের সফর বিতর্ক নয়াদিল্লির আনুষ্ঠানিক ব্যাখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:২৯ পিএম

তারেক রহমানের সফর বিতর্ক নয়াদিল্লির আনুষ্ঠানিক ব্যাখ্যা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের জন্য দুটি আলাদা আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল সরাসরি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ছিল ব্রিকস সম্মেলনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে অংশ নেওয়ার উদ্দেশ্যে। আমন্ত্রণের সংখ্যা ও ধরন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এই তথ্য সামনে আনা হয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়। 

পরবর্তী সময়ে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। ভারতের এই কূটনৈতিক বক্তব্যটি এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক এক বক্তব্যের পর। গত ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেছিলেন যে, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি, বরং বিমসটেকের চেয়ার হিসেবে আমন্ত্রণ দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া তিনি কীভাবে নয়াদিল্লি যাবেন, সেই প্রশ্ন তুলেছিল ঢাকা।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশ ব্রিকসের স্থায়ী সদস্য বা অংশীদার দেশ নয়। তবে আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবেই গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অন্যদিকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি সম্পূর্ণ আলাদা এবং সেটি দেওয়া হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং তাঁর পরিবারসহ ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বাংলাদেশ সরকার তাঁর প্রথম দিল্লি সফরকে দ্বিপক্ষীয় হিসেবেই দেখতে চেয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।