সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৩:০০ পিএম
বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কাজের অনুমতিপত্র দেওয়া এবং নতুন করে শ্রমিক নেওয়ার অনুমোদন স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক আদেশে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। চলতি ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার ঠেকাতে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় জানানো হয়েছে, অনুমোদনহীন শ্রম দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ এবং শ্রমিক নেওয়ার পর দায়িত্ব এড়ানো নিয়োগকর্তাদের শৃঙ্খলায় আনতে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে শুধু বাংলাদেশি কর্মীদের ওপর কেন এই স্থগিতাদেশ দেওয়া হলো, সে বিষয়ে নীতিমালায় স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর ফলে কোনো ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠান বা শ্রম অপারেটর এখন থেকে নিজ উদ্যোগে কোনো বাংলাদেশিকে লাওসে কর্মসংস্থানের সুযোগ দিতে বা প্রবেশ করাতে পারবে না।
কড়াকড়ি আরোপ করা হলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। নির্দিষ্ট মেয়াদে সম্পন্ন করার শর্তে আগে থেকেই সরকারি অনুমোদন পাওয়া বড় ও অগ্রাধিকারমূলক চলমান প্রকল্পগুলো এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে। অর্থাৎ পূর্বে অনুমোদন পাওয়া রাষ্ট্রীয় প্রকল্পগুলোতে কাজ স্বাভাবিকভাবে চলবে। তবে অনুমোদন ছাড়া শ্রমিক নেওয়া বা কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে কড়া শাস্তির বিধান চালু করেছে দেশটির সরকার।
অবৈধভাবে বাংলাদেশি শ্রমিক আমদানি বা নিয়োগ দিলে প্রতি কর্মীর জন্য নিয়োগকর্তাকে ২৫ লাখ লাও কিপ, যা প্রায় ১১০ মার্কিন ডলার সমপরিমাণ, জরিমানা গুনতে হবে। অন্য কোনো ইউনিটের শ্রমিককে অনুমতি ছাড়া কাজে নিলে ২০ লাখ লাও কিপ বা প্রায় ৮৯ ডলার এবং কর্মীর ক্ষেত্রে কর্মস্থল পরিবর্তন করলে ১০ লাখ লাও কিপ বা প্রায় ৪৪ ডলার অর্থদণ্ড দিয়ে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। ফেরত পাঠানোর যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট অপরাধী বা নিয়োগকর্তাকে বহন করতে হবে এবং একই অপরাধ পুনরায় করলে তিন গুণ জরিমানা ও ব্যবসার লাইসেন্স বাতিলের মতো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নির্দেশনায় বর্তমানে দেশটিতে কর্মরত মোট বাংলাদেশি শ্রমিকের সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে দেশটির নির্মাণ ও উৎপাদন খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের ঐতিহ্য থাকায় এই আদেশের ফলে নতুন করে কর্মী যাওয়ার সুযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন