রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ মেলোনির

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৮:৩৯ পিএম

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ মেলোনির

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আইন করে সীমিত করার আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার দেশটির ক্ষমতাসীন ব্রাদার্স অব ইতালি দলের যুব সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসব ফেনিক্সে বক্তব্য প্রদানকালে এই ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী মেলোনি স্পষ্ট করে জানান কোনো অবস্থাতেই দেশের শ্রেণিকক্ষে ইতালীয় শিক্ষার্থীদের নিজেদের স্বভূমিতেই সংখ্যালঘু হিসেবে অনুভব করার মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। তাঁর ভাষায় কোনো ইতালীয় শ্রেণিকক্ষে স্থানীয় শিক্ষার্থীরা যদি নিজেদের কোণঠাসা মনে করে এবং সংখ্যাগরিষ্ঠের বদলে সংখ্যালঘু হয়ে পড়ে তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন মেলোনি।

তিনি ঘোষণা দেন যে তাঁর সরকার বিদ্যালয়গুলোতে বোরকা ও হিজাব সম্পূর্ণ নিষিদ্ধ করবে। এর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের স্থানীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নতুন শর্ত আরোপের নীতি গ্রহণ করা হচ্ছে। যেসব বিদেশি শিক্ষার্থী স্কুলব্যবস্থার সঙ্গে পুরোপুরি একীভূত হতে বাধার মুখে পড়ছে তাদের অভিভাবকদের জন্য স্থানীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেলোনি জানান নতুন এই নীতিমালা শিগগিরই অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদের টেবিলে উপস্থাপন করা হবে।